এই তো ভালো লেগেছিল
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়।
শালের বনে খ্যাপা হাওয়া, এই তো আমার মনকে মাতায়।
রাঙা মাটির রাস্তা বেয়ে হাটের পথিক চলে ধেয়ে,
ছোটো মেয়ে ধুলায় বসে খেলার ডালি একলা সাজায়–
সামনে চেয়ে এই যা দেখি চোখে আমার বীণা বাজায়॥
আমার এ যে বাঁশের বাঁশি, মাঠের সুরে আমার সাধন।
আমার মনকে বেঁধেছে রে এই ধরণীর মাটির বাঁধন।
নীল আকাশের আলোর ধারা পান করেছে নতুন যারা
সেই ছেলেদের চোখের চাওয়া নিয়েছি মোর দু চোখ পুরে–
আমার বীণায় সুর বেঁধেছি ওদের কচি গলার সুরে॥
দূরে যাবার খেয়াল হলে সবাই মোরে ঘিরে থামায়–
গাঁয়ের আকাশ সজনে ফুলের হাতছানিতে ডাকে আমায়।
ফুরায় নি, ভাই, কাছের সুধা, নাই যে রে তাই দূরের ক্ষুধা–
এই-যে এ-সব ছোটোখাটো পাই নি এদের কূলকিনারা।
তুচ্ছ দিনের গানের পালা আজও আমার হয় নি সারা ॥
লাগল ভালো, মন ভোলালো, এই কথাটাই গেয়ে বেড়াই–
দিনে রাতে সময় কোথা, কাজের কথা তাই তো এড়াই।
মজেছে মন, মজল আঁখি– মিথ্যে আমায় ডাকাডাকি–
ওদের আছে অনেক আশা, ওরা করুক অনেক জড়ো–
আমি কেবল গেয়ে বেড়াই, চাই নে হতে আরো বড়ো ॥
Transliteration in English
ei to bhalo legechil alor nachan patay patay। shaler bane khjapa haoa, ei to amar manke matay। ranga matir rasta beye hater pathik chale dheye, choto meye dhulay base khelar dali ekla sajay– samne cheye ei ja dekhi chokhe amar bina bajay॥ amar e je basher bashi, mather sure amar sadhan। amar manke bedheche re ei dharnir matir badhan। nil akasher alor dhara pan kareche natun jara sei cheleder chokher chaoa niyechi mor du chokh pure– amar binay sur bedhechi oder kachi galar sure॥ dure jabar kheyal hale sabai more ghire thamay– gayer akash sajne phuler hatchanite dake amay। phuray ni, bhai, kacher sudha, nai je re tai durer kshudha– ei-je e-sab chotokhato pai ni eder kulkinara। tuchch diner ganer pala ajao amar hay ni sara ॥ lagal bhalo, man bholalo, ei kathatai geye berai– dine rate samay kotha, kajer katha tai to erai। majeche man, majal akhi– mithje amay dakadaki– oder ache onek asha, ora karuk onek jaro– ami kebal geye berai, chai ne hate aro baro ॥